দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে ওই জেলার ডিসিদের প্রত্যাহার করে তাদের পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
চার জেলায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন যথাক্রমে, পাবলিক প্রকিউরমেন্ট অথোরটির পরিচালক (উপসচিব) আফরোজা পারভীন, রাজবাড়ী; জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক, ঠাকুরগাঁও; একই মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম, পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিন, রংপুর।
এসব জেলা থেকে যাদের প্রত্যাহার করা হয়েছে তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে।
জাতীয় নির্বাচনের পর গত ১ মার্চ প্রথমে পাঁচ জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়। জেলাগুলো হলো: গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ। পরে ১৫ মার্চ এসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর ২৯ মার্চ ১১টি জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করে সেসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মেহেরপুর, লালমনিরহাট, হবিগঞ্জ, নরসিংদী ও বান্দরবান।
এ নিয়ে গত এক মাসে তিন দফায় ২০টি জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে অনেকে আছেন, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সেই হিসেবে কয়েক মাসের মধ্যেই তাদের প্রত্যাহার করা হয়েছে।
জাতীয় নির্বাচনের পর সচিব থেকে শুরু করে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন হচ্ছে। তারই ধারাবাহিকতায় সামনে জেলা প্রশাসকসহ আরও বিভিন্ন পর্যায়ে পরিবর্তন হতে পারে বলে সচিবালয়ে আলোচনা আছে।