কুড়িগ্রামের রৌমারী উপজেলার আমবাড়ী বেসরকারি ফ্রেন্ডশিপ বিদ্যালয়ে তালা লাগানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে আমবাড়ী এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বিদ্যালয়ের শিক্ষক মো. সাইদুজ্জামান ও আমিনা খাতুন, অভিভাবক এম এ সালাম সরকার, রফিকুল ইসলাম, আলতাফ হোসেন মাদোসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, প্রায় এক মাস ধরে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে রাখা হয়েছে। ফলে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তাদের শিক্ষাজীবন। তারা দ্রুত বিদ্যালয়টি খুলে পাঠদান চালুর দাবি জানান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম নাঞ্জু জানান, ২০১৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছিল। তবে গত ৫ মার্চ মাসুদ রানা ও জমিদাতার ছেলে শিক্ষক সোহেল রানা এসে বিদ্যালয়ে তালা দেন। পরবর্তীতে একাধিকবার আলোচনা করেও সমাধান হয়নি। অভিযুক্তরা তাদের নিয়োগ দেওয়ার শর্তে তালা খোলার কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে বিদ্যালয়টিতে দুই শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। চরাঞ্চলে বিকল্প কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে, গাছতলায় বা বিভিন্ন বাড়িতে ক্লাস নিতে হচ্ছে, যা শিক্ষার মানে নেতিবাচক প্রভাব ফেলছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সোহেল রানা দাবি করেন, তার বাবা মৃত্যুর আগে বিদ্যালয়ে তালা দিয়ে গেছেন এবং এ বিষয়ে তিনি কিছু জানেন না।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।