জাতীয়

জনম্যান্ডেট অপমান, রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সংবিধান সংস্কারের পক্ষে গণভোটের রায় উপেক্ষা করে সরকার সংশোধনের প্রস্তাব দেওয়ায় জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করেছে বিরোধী দল। এতে জনগণের ম্যান্ডেটকে ‘অপমান’ করা হয়েছে অভিযোগ তুলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করে সংশোধনের পথে হাঁটছে। সংস্কার আর সংশোধন এক জিনিস নয়। সরকার জনগণের চূড়ান্ত রায়কে বেমালুম অস্বীকার করেছে। এর প্রতিবাদে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে বলে জানান তিনি।

তিনি দাবি করেন, নির্বাচনের আগে সর্বদলীয় সিদ্ধান্তে অনুষ্ঠিত গণভোট অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু সরকারি দলের সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়।

সংসদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করার বিধান থাকলেও সরকার তা করেনি। পরে বিরোধী দলের নোটিশের পর আলোচনার সুযোগ এলে আইনমন্ত্রী সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। 

সংবাদ সম্মেলনে বিগত সরকারের কঠোর সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘ সময় ধরে দেশে দমন-পীড়ন, গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো ঘটনা ঘটেছে। সেই অমানবিক বাস্তবতা থেকে মুক্তির জন্যই গণঅভ্যুত্থান এবং সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। 

ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে এ সময় তিনি জানান, তারা সংসদ বর্জন করেননি, বরং জনগণের কাছেই ফিরে যাবেন। ১১ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে শিগগিরই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। 

জনগণের দাবি আদায়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে বিরোধী জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।