সারা বাংলা

লক্ষ্মীপুরে হামের লক্ষণ নিয়ে ৬ শিশু হাসপাতালে ভর্তি

হামের উপসর্গ নিয়ে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ছয় শিশু। গত দুই সপ্তাহ ধরে তারা চিকিৎসা নিচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

এদিকে, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে অন্য রোগীদের রেখে চিকিৎসা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তাদের স্বজনরা। তাদের দাবি, সংক্রামক রোগ হওয়ায় হাম আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ড বা কক্ষের ব্যবস্থা করা জরুরি।

চিকিৎসকদের মতে, হাম অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের ৫-৭ দিন ধরে জ্বর, শরীরে চুলকানি, ঘন ঘন কাশি ও বমিভাব দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

লক্ষ্মীপুর সদর উপজেলার লালকান্দি ইউনিয়নের বাসিন্দা সেলিনা জাহান জানান, তার সন্তান কয়েকদিন ধরে জ্বর, কাশি, চুলকানি ও বমিতে ভুগছিল। অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, তার হাম হয়েছে।

কালিরচর এলাকার আমেনা বেগম বলেন, “প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও শিশুর অবস্থার উন্নতি হয়নি। পরে সদর হাসপাতালে এনে জানতে পারি, আমার সন্তান হাম রোগে আক্রান্ত।”

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল বলেন, “হামের টিকা না নেওয়া শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। সময়মতো চিকিৎসা ও সঠিক যত্ন নিলে এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব।”