অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থলি অ্যালবানিজ ইরান যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পর উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প যখন ইরানের ওপর আরও জোরালো হামলার ঘোষণা দিচ্ছেন, ঠিক তখনই অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই ভিন্নধর্মী অবস্থান সামনে এলো। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানী ক্যানবেরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেন, ইরানের বিরুদ্ধে অভিযানের শুরুতে যুক্তরাষ্ট্র যেসব কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছিল, তার বেশিরভাগই ইতোমধ্যে অর্জিত হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এই যুদ্ধ আরও দীর্ঘায়িত করে নতুন করে কী অর্জন করা সম্ভব তা এখন আর স্পষ্ট নয়।
তিনি উল্লেখ করেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী এবং সামরিক শিল্প কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যুদ্ধের লক্ষ্য পূরণ হয়েছে বলেই মনে করে অস্ট্রেলিয়া।
অ্যালবানিজ সতর্ক করে বলেন, “যেহেতু মূল লক্ষ্যগুলো অর্জিত হয়েছে, তাই এই যুদ্ধের শেষ কোথায় তা বোঝা যাচ্ছে না। তবে এটি নিশ্চিত যে, যুদ্ধ যত দীর্ঘ হবে, বিশ্ব অর্থনীতির ওপর তার প্রভাব তত বেশি বিপর্যয়কর হবে।”
অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর এই মন্তব্য মূলত বৈশ্বিক জ্বালানি বাজার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে পশ্চিমা মিত্রদের মধ্যে বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন। ট্রাম্প যখন চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিচ্ছেন, তখন আলবানিজের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে- আসলেই কি এই যুদ্ধের কোনো স্পষ্ট সমাপ্তি আছে?