রেদওয়ান রনি নির্মিত ‘দম’ সিনেমা পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এতদিন সিনেমাটি শুধু সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছিল। প্রাইরেসি থেকে রক্ষা পেতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা।
গত দুই ঈদের ব্যাবসা সফল দুটি সিনেমা শুরুতেই এইচডি প্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়েছিল। এতে করে অনেক লোকসানের মুখে পড়ে সিনেমাগুলো। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে ‘দম’ টিম। তারপর সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামী ২৪ এপ্রিল থেকে সারা দেশে সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হবে ‘দম’।
বুধবার (১ এপ্রিল) সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির ১১ দিন পর বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী শেষ সিনেমার সঙ্গে জড়িত সকলে গণমাধ্যমের সামনে উপস্থিত হন।
এ সময় সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, “সিনেমা মুক্তির প্রথম দিন থেকে আমাকে সবাই জিজ্ঞেস করছিল যে, আপনারা শুধু মাল্টিপ্লেক্সে দিচ্ছেন। মাল্টিপ্লেক্সে কিন্তু সব মিলিয়ে ৩৪টা স্ক্রিন, সেটাও খুব কম না। আপনারা দেখেছেন, এখন পর্যন্ত সবচেয়ে বেশি কালেকশন দমের এবং নিয়মিত ‘দম’ মাল্টিপ্লেক্সে চলছে।”
সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়ার বিষয়ে শাহরিয়ার শাকিল বলেন, “সবার একটাই প্রশ্ন ছিল, বাংলাদেশের যত সিঙ্গেল স্ক্রিন আছে সেখানে ‘দম’ কবে আসবে। সেটা আপনাদের আজ পরিষ্কারভাবে জানিয়ে দিতে চায়। আমাদের একটা সুচিন্তিত সিদ্ধান্ত ছিল যে, সিঙ্গেল স্ক্রিনে প্রথম ৩/৪ সপ্তাহ মুক্তি দিব না। সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ২৪ এপ্রিল সারাদেশে সকল সিঙ্গেল স্ক্রিনে একযোগে মুক্তি পাবে ‘দম’।”
হল মালিকদের ইচ্ছার কথা জানিয়ে শাহরিয়ার শাকিল বলেন, “আপনারা জানেন এবারের ঈদে ৫টি সিনেমা রিলিজ হয়েছে। প্রকৃতভাবে সিঙ্গেল স্ক্রিনে শাকিব ভাইয়ের সিনেমা প্রথম গেছে। আমাকে বার বার সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা ফোন দিচ্ছিল যে, আমরা তো ‘দম’ চাই, আমাদেরকে দেন। আমরা বলেছি, ‘আমাদের বন্ধু-বান্ধব, ভাই-বোনেরা যে সিনেমাগুলো করেছেন, সেসব সিনেমা আগে দেখান। ২৪ তারিখে একযোগে বাংলাদেশর সমস্ত সিনেমা হলে ‘দম’ দেখতে পাবেন’।”
‘দম’ সিনেমার মূখ্য ভূমিকা পালন করেছেন আফরান নিশো ও পূজা চেরি। সিনেমাটিতে এ জুটির পারফরম্যান্স দর্শক মহলে অনেক প্রশংসা পাচ্ছে। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তারা। পাশাপাশি একটি দুর্দান্ত চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী।