বিনোদন

দম: নতুন উচ্চতায় নিশো

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সার্ভাইভাল ড্রামা ঘরানার ‘দম’ সিনেমা নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা, আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আফরান নিশো। সিনেমাটিতে ‘নূর’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রের গভীরতা, আবেগের ওঠানামা, বেঁচে থাকার তীব্র আকুতিকে যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন, তা সত্যি প্রশংসনীয়। পূর্বের অভিনয়কে ছাপিয়ে সিনেমাটিতে জীবনের সেরা অভিনয় করেছেন নিশো। 

সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনি নির্মাণ করেছেন ‘দম’ সিনেমা, যা শুরু থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে। গল্পের কেন্দ্রে রয়েছে ‘নূর’ নামে বাংলাদেশি এক যুবক, যে আফগানিস্তানে চরমপন্থী একটি গোষ্ঠীর হাতে অপহৃত হন। অপহরণকারীরা তাকে অজানা স্থানে আটকে রেখে মুক্তিপণ দাবি করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা না পেলে তাকে হত্যার  হুমকি দেয়। এই ভয়াবহ পরিস্থিতিতে নূরের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে জীবন-মৃত্যুর লড়াই। 

মরুভূমি ও পাহাড়বেষ্টিত কঠিন পরিবেশে প্রায় খাবার ও পানীয়হীন অবস্থায় নূরের বেঁচে থাকার সংগ্রামই সিনেমার মূল উপজীব্য। এই প্রতিকূল পরিস্থিতিতে একজন মানুষের মানসিক ভাঙন, আবার সেই ভাঙন থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি—সবকিছুই অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন আফরান নিশো। তার চোখের ভাষা, সংলাপ বলার ধরন, শারীরিক অভিব্যক্তি—সব মিলিয়ে চরিত্রটিকে একেবারে জীবন্ত করে তুলেছেন তিনি। 

বিশেষ করে, সিনেমাটির বিভিন্ন দৃশ্যে নিশোর নিঃশব্দ অভিব্যক্তি দর্শকদের নাড়িয়ে দেয়। কোথাও হতাশা, কোথাও ভয়, আবার কোথাও বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষা—আবেগের এই ওঠানামা তিনি এতটাই বাস্তবভাবে উপস্থাপন করেছেন যে, দর্শক সহজেই নূরের যন্ত্রণার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন। 

সিনেমায় নূরের স্ত্রী ‘রাণী’ চরিত্রে পূজা চেরি তার সাবলীল অভিনয়ের মাধ্যমে গল্পে আবেগের মাত্রা বাড়িয়েছেন। অন্যদিকে, বিদেশে থাকা এনজিও সহকর্মী ‘সুজিত’ চরিত্রে চঞ্চল চৌধুরীর উপস্থিতি গল্পকে আরও শক্তিশালী করেছে। তাদের দুজনের অভিনয় গল্পের বিভিন্ন স্তরকে আরও গভীর করেছে এবং নূরের লড়াইকে আরও অর্থবহ করে তুলেছে। সব মিলিয়ে, ‘দম’ শুধু একটি সিনেমা নয়, এটি আবেগ, উত্তেজনা এবং মানবিক সংগ্রামের এক শক্তিশালী গল্প—আর সেই গল্পের প্রাণ হয়ে উঠেছেন আফরান নিশো।