প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে প্রত্ন প্রদর্শনী ও ঐতিহ্য উৎসবের আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ।
সোমবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ থাকবে। উৎসবে দিনাজপুরের কান্তজীর মন্দির, ঢাকার লালবাগ কেল্লা, নওগাঁর কুসুম্বা মসজিদ এবং চাঁপাইনবাবগঞ্জের গৌড় নগরীসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার প্রতিরূপ ও তথ্য উপস্থাপন করা হবে। পাশাপাশি রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার ও পোশাকও প্রদর্শিত হবে।
এ বিষয়ে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। এতে আমরা ঐতিহাসিক স্থাপনাগুলো সম্পর্কে বাস্তবধর্মী ধারণা পাই। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, এই প্রত্যাশা করছি।”
আরেক শিক্ষার্থী বিক্রম শর্মা বলেন, “এই প্রত্ন প্রদর্শনী ও ঐতিহ্য উৎসব শুধু অতীতের নিদর্শন প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি জীবন্ত পাঠশালায় রূপ নেবে। দ্রুতগতির আধুনিক জীবনে আমাদের শিকড় ও জাতীয় পরিচয় ধরে রাখতে এমন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”
পুরো আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ আলী। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য হলো ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে শুধু বিভাগের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার কাছে পৌঁছে দেওয়া। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে শিখতে পারবে এবং ইতিহাসকে গভীরভাবে অনুধাবন করতে পারবে।”
তিনি আরো বলেন, “এবারের আয়োজনে ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি রংপুর বিভাগের ঐতিহ্যবাহী খাবার ও পোশাকও তুলে ধরা হবে। আমাদের লক্ষ্য সবার মাঝে ঐতিহ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া।”
প্রসঙ্গত, এর আগে ২০২২ সালেও একই ধরনের একটি আয়োজন করেছিল বিভাগটি।