জাতীয়

আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি বিগত আওয়ামী লীগ সরকার অস্বাভাবিক মূল্যে করেছে, আলোচনাক্রমে এ চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।”

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে চলতে থাকা অধিবেশনে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী এ তথ্য জানান।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “ভারতের আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয়ের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিটি পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত একটি জাতীয় কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হয়েছে। কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা ছিলেন এবং কমিটি এ বিষয়ে আন্তর্জাতিক চুক্তি বিশেষজ্ঞ আইনি প্রতিষ্ঠানের মতামতও গ্রহণ করেছে।”

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, “পর্যালোচনায় আদানি পাওয়ারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি বিগত আওয়ামী লীগ সরকার দেশীয় ও আন্তর্জাতিক বাজারের তুলনায় অস্বাভাবিক মূল্যে স্বাক্ষর করেছে বলে জাতীয় কমিটি তার প্রতিবেদনে উল্লেখ করেছে।”

জ্বালানিমন্ত্রী আরো বলেন, “জাতীয় কমিটির প্রতিবেদনের আলোকে এই চুক্তির বিষয়ে আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হওয়া অথবা আদানি পাওয়ারের সঙ্গে আলোচনাক্রমে চুক্তি সংশোধনের মতো বিষয়গুলো সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।”