পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৬) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য জানিয়েছেন।
নিহত সোহাগ উপজেলার বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহাগ তার বন্ধুদের নিয়ে সাড়া গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সেখানে আসা কয়েকজনের সঙ্গে সোহাগের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সোহাগ। ঘটনার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায় বলে জানান স্থানীয়রা।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। নিহতের মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরো জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। খতিয়ে দেখছে পুলিশ।