রাজধানীর বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুমন কাজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী ডি ব্লকের আইডিয়াল স্কুলের সামনে দুর্ঘটনার শিকার হন সুমন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, “আমার ভাগ্নে হার্ডওয়ার ব্যবসায়ী ছিল। রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিল সে। বনশ্রী ডি ব্লকের আইডিয়াল স্কুলের সামনে একটি ট্রাক ভাগ্নেকে বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসক আমার ভাগ্নে সুমনকে মৃত বলে জানান।”
তিনি বলেন, “সুমনের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার বড় দুলাই গ্রামে। তার বাবার নাম কাজী হাবিবুর রহমান। বর্তমানে উত্তর বাড্ডার একটি বাড়িতে ভাড়া থাকতো সে।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।”