রূপচর্চার জন্য টোনার, ক্রিম, সিরাম, লোশন—কত কিছুই না ব্যবহার করতে হয়! কিন্তু কোনটি কখন ব্যবহার করতে হবে, তা না জানলে এসবের সঠিক উপকার পাওয়া যায় না। আমাদের শরীরের যেমন নিজস্ব ছন্দ আছে, তেমনই ত্বকেরও রয়েছে এক অদৃশ্য ঘড়ি। এই ঘড়ি মেনে যত্ন নিলেই ত্বক থাকে সুস্থ, উজ্জ্বল ও প্রাণবন্ত। সময়ের ভুলে যত্ন নিলে উল্টো ক্ষতিও হতে পারে।
সকাল: সুরক্ষার শুরু দিনের শুরুতেই ত্বকের প্রধান চাহিদা সুরক্ষা। বাইরে বেরোলেই সূর্যের তাপ, ধুলা-ময়লা, দূষণ—সবকিছুই ত্বকের ওপর প্রভাব ফেলে। তাই সকালে প্রথম কাজ হলো ত্বককে একটি সুরক্ষার আবরণ দেওয়া। হালকা ময়েশ্চারাইজার দিয়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখুন, তারপর অবশ্যই ব্যবহার করুন সানস্ক্রিন। এটি ত্বকের জন্য এক ধরনের বর্মের মতো কাজ করে। যদি দীর্ঘ সময় বাইরে থাকতে হয়, তবে প্রতি ২-৩ ঘণ্টা অন্তর সানস্ক্রিন নতুন করে লাগানো জরুরি।
দুপুর বা বেলা গড়ালে: ক্লান্ত ত্বকের যত্ন দিন বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে জমতে থাকে ঘাম, তেল ও ধুলোর স্তর। মুখ কালচে দেখাতে পারে, ত্বক হয়ে ওঠে নিস্তেজ। এই সময় ত্বককে শান্ত রাখা এবং প্রদাহ কমানো গুরুত্বপূর্ণ। নায়াসিনামাইড সমৃদ্ধ প্রোডাক্ট এই সময়ের জন্য বেশ উপকারী। এটি ত্বকের তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করে, উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং লালচেভাব কমাতে সাহায্য করে। সানস্ক্রিন বা ময়েশ্চারাইজারের সঙ্গে নায়াসিনামাইড ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
রাত: পুনর্জাগরণের সময় রাত হলো ত্বকের বিশ্রাম ও পুনর্গঠনের সময়। সারাদিনের ক্ষতি মেরামত করতে ঘুমের সময় ত্বক নিজেই কাজ শুরু করে। তাই এই সময়ের যত্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাতের রুটিনে রেটিনয়েডস, এএইচএ (AHA), বিএইচএ (BHA)-এর মতো উপাদান ব্যবহার করা যেতে পারে, যা ত্বকের মৃত কোষ সরিয়ে নতুন কোষ গঠনে সাহায্য করে। রেটিনয়েডস ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে বলিরেখা কমাতে সহায়তা করে।এর পাশাপাশি, ভিটামিন সি বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরাম ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য হায়ালুরোনিক অ্যাসিড অত্যন্ত কার্যকর।
ত্বকের যত্ন শুধু কী ব্যবহার করছেন তার ওপর নির্ভর করে না, বরং কখন ব্যবহার করছেন সেটিও সমান গুরুত্বপূর্ণ। সকালে ত্বককে রক্ষা করতে হবে, আর রাতে দিতে হবে পুষ্টি ও আর্দ্রতা।সবচেয়ে বড় কথা, পর্যাপ্ত ঘুম—কারণ ঘুমের মধ্যেই ত্বক নিজের মতো করে নতুন করে জেগে ওঠে।