হাঁটা এবং দৌড়ানো দুটিই হৃদ্যন্ত্র ভালো রাখতে, রক্তসঞ্চালন বাড়াতে এবং সামগ্রিক ফিটনেস উন্নত করতে সাহায্য করে। তবে কোনটি বেশি কার্যকর—তা নির্ভর করে আপনার লক্ষ্য ও শারীরিক অবস্থার ওপর। মুম্বাইয়ের ওকহার্ট হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডা. গাজানফার বি প্যাটেল জানান, “দৌড়ানো একটি উচ্চ-তীব্রতার ব্যায়াম। এতে অল্প সময়েই বেশি ক্যালোরি খরচ হয় এবং হৃদ্যন্ত্র, ফুসফুস ও পেশির ওপর বেশি চাপ পড়ে। অন্যদিকে হাঁটা কম-প্রভাবযুক্ত, যা জয়েন্টের জন্য নিরাপদ এবং নিয়মিত চালিয়ে যাওয়া সহজ।”
তাহলে কি দৌড়ানো সব সময়ই ভালো? সব সময় নয়। দ্রুত ওজন কমানো বা সহনশীলতা বাড়াতে দৌড়ানো কার্যকর। তবে এতে আঘাত বা স্ট্রেইনের ঝুঁকি বেশি, বিশেষ করে নতুনদের বা যাদের জয়েন্টে সমস্যা আছে। হাঁটা ধীরে ক্যালোরি বার্ন করলেও এটি নিরাপদ, দীর্ঘমেয়াদে টেকসই এবং বয়স্ক বা আঘাত থেকে সেরে ওঠা ব্যক্তিদের জন্য বেশি উপযোগী।
জয়েন্টের ওপর প্রভাব হাঁটা সাধারণত হাঁটু, কোমর ও পিঠের জন্য কম চাপ সৃষ্টি করে।অন্যদিকে, শক্ত মাটিতে বা ভুল ভঙ্গিতে দৌড়ালে জয়েন্টে বেশি চাপ পড়ে। তাই যাদের হাঁটু বা পিঠে ব্যথা আছে বা ওজন বেশি, তাদের জন্য দ্রুত হাঁটা অনেক বেশি নিরাপদ বিকল্প।
৫ কিলোমিটার হাঁটা কি উপকারী? হ্যাঁ, নিয়মিত ৫ কিলোমিটার দ্রুত হাঁটা— হৃদ্স্বাস্থ্য উন্নত করে , ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সহনশীলতা বাড়ায় ।এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—গতি, সঠিক ভঙ্গি এবং নিয়মিততা।
আপনার ফিটনেস লেভেল, শারীরিক সমস্যা ও লক্ষ্য অনুযায়ী ব্যায়াম বেছে নেওয়া উচিত। সাধারণ সুস্থতা ও দীর্ঘমেয়াদি অভ্যাস গড়ে তুলতে হাঁটাই যথেষ্ট কার্যকর। আর দ্রুত ফল পেতে ও শরীর সক্ষম হলে ধীরে ধীরে দৌড়ানো যোগ করা যেতে পারে। অনেক ক্ষেত্রে হাঁটা ও দৌড়—দুটির সমন্বয়ই সবচেয়ে ভালো ফল দেয়।
সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস