বিনোদন

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

আমাদের চলচ্চিত্র, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৩ এপ্রিল) দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস।  

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহনকারী দিনটির সূত্রপাত ১৯৫৭ সালে। ওইদিন তৎকালীন প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়, যা পরবর্তীতে দেশের চলচ্চিত্র শিল্পের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০১২ সাল থেকে প্রতি বছর আনুষ্ঠানিকভাবে উদযাপিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। 

দিবসটি উপলক্ষে রাজধানীর এফডিসি প্রাঙ্গণ পেয়েছে উৎসবের রূপ। বর্ণিল সাজসজ্জা আর ব্যস্ত পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। চলচ্চিত্রের শিল্পী, কলাকুশলী এবং সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গনের মানুষের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে চলচ্চিত্রের এই প্রাণকেন্দ্র। 

এবারও দিনব্যাপী নানা আয়োজন হাতে নিয়েছে এফডিসি কর্তৃপক্ষ। সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর সকাল সাড়ে ১০টায় চলচ্চিত্র কর্মীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। 

সকাল ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে চলচ্চিত্রের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করছেন সংশ্লিষ্টরা। আর দুপুর ২টায় রয়েছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী, যেখানে নির্বাচিত কিছু সিনেমা প্রদর্শনের মাধ্যমে দর্শকদের জন্য রাখা হয়েছে ভিন্ন এক অভিজ্ঞতা। 

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি জানান, সময় স্বল্পতা সত্ত্বেও তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে। ইতিমধ্যে চলচ্চিত্রাঙ্গনের সব স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবার অংশগ্রহণে দিনটি একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কাটবে, উদযাপনের পাশাপাশি থাকবে নিজেদের চলচ্চিত্র শিল্পকে নতুন করে ভাবার সুযোগও।