সারা বাংলা

অবৈধ মজুদের উদ্দেশ্যে নেওয়ার সময় ১৫০ লিটার ডিজেল জব্দ

অবৈধ মজুদের উদ্দেশ্যে নেওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পিটিআই এলাকায় ১৫০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে একটি অটোরিকশায় করে এসব জ্বালানি তেল নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি আটকে দেন। 

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকরামুল হক নাহিদ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটোরিকশা তল্লাশি করে তেলগুলো জব্দ করেন। পরে সেগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। 

ভারপ্রাপ্ত ইউএনও ইকরামুল হক নাহিদ জানিয়েছেন, একজন গণমাধ্যমকর্মীর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। তদন্ত সাপেক্ষে জব্দ করা তেলের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।