নড়াইলে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক নারী। তবে এ ঘটনায় প্রেমিক রাজু ফকিরসহ (২৫) তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সরেজমিনে আফরা গ্রামে অভিযুক্ত রাজু ফকিরের বাড়িতে গিয়ে অনশনের বিষয়টির সত্যতা মিলেছে। ওই নারী গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা থেকে বাড়িতে অনশন বসেন।
অনশন করা ওই নারী জানান, রাজুর সঙ্গে পাঁচ বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকলেও পরিবারের মতবিরোধের কারণে ৩ বছর আগে একই গ্রামের হানিফ কাজীর সঙ্গে পরিবারের লোকজন তাকে সামাজিকভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকে রাজু তার সঙ্গে সম্পর্ক রাখেন। সম্পর্ক না রাখলে রাজুর সঙ্গে সেই সময়ের কিছু ছবি, ভিডিও স্বামীর পরিবারকে জানিয়ে দিবেন বলে হুমকি দেন।
তিনি আরো জানান, গত ২৯ মার্চ রাতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে ঘরের ভিতর আসে রাজু। এসময় তার স্বামী হানিফ কাজী বাড়িতে চলে আসলে রাজু তার জামা-প্যান্ট মোবাইল ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই তার স্বামী পরিবারের লোকজনকে ডেকে এনে তাকে তালাক দেন।
তিনি বলেন, “এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমাকে বিয়ের লোভ দেখাতো, তাই রাজুকেই বিয়ে করতে চাই। সে যদি আমাকে না নেয় তাহলে আমি আত্মহত্যা করবো।”
শেখহাটি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আমরা আগে পরকীয়ার বিষয়ে কিছুই জানতাম না। মেয়েটি বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে রাজুর বাড়িতে অনশন শুরু করেছে। মেয়েটির উপস্থিতি টের পেয়ে রাজু ও তার পরিবারের লোকজন গাঁ ডাকা দিয়েছেন। তবে মেয়েটির যেহেতু সংসার নষ্ট করেছে রাজু, সেহেতু তাকে বিয়ে করা উচিত।
তবে অভিযুক্ত রাজু ফকির ও তার পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি। তারা সবাই পলাতক থাকায় বিভিন্ন মাধ্যমে রাজু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শনিবার (৪ এপ্রিল) সকালে নড়াইল সদর থনার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া বলেন, আফরা গ্রামে একজন নারী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন বিষয়টি জানতে পেরেছি। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।