ঢাকাই সিনেমার এই সময়ের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি আবারও বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে। গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ দিয়ে দর্শকের নজর কাড়ার পর এবারের ঈদুল আজহায় নতুন এই সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
মূলত চলতি বছরের ঈদুল ফিতরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। তবে শুটিং সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময় থেকে সরে যায় ‘বিদায়’ সিনেমা। নির্মাতা মেহেদী হাসান-এর পরিচালনায় সিনেমাটির কাজ শুরু হওয়ার পর থেকেই এটি ছিল আলোচনায়। গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুটিং শুরু হয়, যা নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। একই সময়ে নির্মাতা তাঁর আরেকটি চলচ্চিত্র ‘রাক্ষস’–এর কাজ নিয়েও ব্যস্ত ছিলেন, যা সম্প্রতি মুক্তি পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ‘বিদায়’–এর বাকি অংশের শুটিং শুরু হবে। বিশেষ করে মালয়েশিয়ায় কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ এবং একটি গানের শুটিং এখনো বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি প্রায় নিশ্চিত।
সিনেমাটি নিয়ে দীঘি বলেন, “‘বিদায়’ এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়—মনে রাখার মতো। এতে আবেগ আর বাস্তবতার সুন্দর মিশেল আছে। দর্শক নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। আমি বিশ্বাস করি, সিনেমা শেষ হওয়ার পরও গল্পটি তাঁদের ভেতরে থেকে যাবে।”
জানা গেছে, প্রচলিত ধারার মতো এই সিনেমাটিতে নির্দিষ্ট কোনো একক নায়ক নেই; বরং গল্পই এখানে কেন্দ্রীয় শক্তি। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু।
প্রযোজকের ভাষায়, “এই সিনেমার নায়ক আসলে গল্প নিজেই। এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প, যা পরিবার নিয়ে উপভোগ করার মতো।”
এদিকে ‘বিদায়’এর পাশাপাশি দীঘি ব্যস্ত রয়েছেন আরও একটি কাজ নিয়ে। নির্মাতা সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ করেছেন তিনি। সেটিও আসন্ন ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।