সারা বাংলা

ঝালকাঠিতে পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। শনিবার (৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় হাতে হত্যা করা হয়।

নিহত মিলন হাওলাদার (২৬) আদাখোলা এলাকার মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, স্ত্রীর সঙ্গে মিলনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে স্ত্রীর পরিবারের কয়েকজন সদস্য সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মায়ের দাবি, পূর্বের বিরোধের জেরে তার ছেলেকে পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন মিলে হত্যা করেছে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হোসেন জানান, দুপুর ২টা ৫০ মিনিটে পুলিশ মিলনকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ আলম বলেন, নিহতের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ ছিল। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।