কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাবার কাছ থেকে টাকা না পেয়ে গলায় দড়ি দিয়েছেন আজিমুল ইসলাম (২৪) নামের যুবক। শনিবার (৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।
আজিমুল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানিয়েছে, গত বৃহস্পতিবার আজিমুল ইসলাম বাড়িতে এসে বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। কিন্তু, তার অটোরিকশাচালক বাবা আর্থিক অসচ্ছলতার কারণে সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে অভিমান করে বাড়িতে নিজ কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার মা বিষয়টি টের পেয়ে দ্রুত দড়ি কেটে ছেলেকে উদ্ধার করেন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়।
বিকেল ৩টার দিকে আজিমুল ইসলামের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় করেন।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সোহেল বলেছেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। আর্থিক সংকটের কারণে তার চাহিদা পূরণ না হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি।”
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান নাঈম জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে।