সারা বাংলা

সুনামগঞ্জে হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, ১৪৪ ধারা

আইন অমান্য করে সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরের বাঁধ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার নোয়াগাঁও, গোরেরগাঁও, কান্দাগাঁও ও উলুতুলু গ্রামের শতাধিক মানুষের অংশগ্রহণে বাঁধ কাটা হয়েছে। এতে ডাকুয়ার হাওর ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আজ শনিবার দুপুরে ডাকুয়ার হাওরে এ ঘটনা ঘটে। এ সময় বাঁধ কাটতে বাধা দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মোহনপুর ও নোয়াগাঁও গ্রামের মানুষদের নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার বাঁধ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা ডাকেন। তিনি বিষয়টি সমাধানের জন্য কমিটি গঠন করেন। সভা চলাকালে একটি পক্ষের লোকজন জোরপূর্বক বাঁধ কেটে দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন সঞ্জিত কুমার। তিনি বলেন, এক পক্ষ প্রশাসনের সিদ্ধান্ত না মেনে বাঁধ কেটে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যতক্ষণ পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততক্ষণ ১৪৪ ধারা জারি থাকবে।