সারা বাংলা

‘ত্রিশাল থেকেই ‘সংস্কৃতির মনস্তাত্ত্বিক বিপ্লব’ দেশে ছড়িয়ে পড়বে’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আয়োজিত মতবিনিময় সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, “আমরা এমন একটি সাংস্কৃতিক কর্মসূচি নিতে চাই, যা শুধু একটি অনুষ্ঠান নয়—বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় মডেল হয়ে উঠবে।”

আজ শনিবার সকালে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই উদ্যোগটি খুবই আকর্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ। আমরা যদি সঠিকভাবে এটি বাস্তবায়ন করতে পারি, তাহলে এটি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বড় ছাপ ফেলবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “ত্রিশাল থেকেই আমরা একটি বার্তা দিতে চাই—সংস্কৃতিকে নতুনভাবে ভাবতে হবে, নতুনভাবে গড়তে হবে। ত্রিশাল বাংলাদেশকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত উপহার দিতে পারে। আমাদের সংস্কৃতি নানা কারণে স্থবির হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন একটি মনস্তাত্ত্বিক বিপ্লব—চিন্তা, চেতনা ও মননের গভীরে পরিবর্তন আনতে হবে।”

তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “প্রতিটি উপজেলা তাদের সাংস্কৃতিক সমস্যা ও সম্ভাবনার একটি লিখিত প্রোফাইল তৈরি করে আমাদের দিন। আমরা খুব দ্রুত ওয়ার্কশপ আয়োজন করবো, যেখানে একটি কার্যকর মডেল তৈরি করা হবে। আমি চাই ত্রিশাল ও ময়মনসিংহকে একটি পাইলট প্রজেক্ট হিসেবে নিয়ে আমরা এমন একটি কাঠামো তৈরি করি, যা পরবর্তীতে সারা দেশে অনুসরণ করা যাবে।”

সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, “সংস্কৃতির বিকাশে সরকার অত্যন্ত আন্তরিক। এটি কোনো সাধারণ কাজ নয়—এটি একটি গভীর বুদ্ধিবৃত্তিক প্রয়াস, যা জাতির চিন্তা-চেতনা গঠনের সঙ্গে জড়িত।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী এবং সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।

এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ জেলার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, রেঞ্জ ডিআইজি, চার জেলার জেলা প্রশাসক, ৩৫ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সাংস্কৃতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে অতিথিরা নজরুলের বাল্য বিদ্যাপীঠ নজরুল একাডেমি, নজরুলের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ও জন্মজয়ন্তী উদযাপনের স্থান পরিদর্শন করেন।