রাজনীতি

জুলাই সনদ মেনে নিয়ে কার্যকর করুন: জামায়াত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কখনো সুখকর হয়নি, ভবিষ্যতেও হবে না। আমাদেরকে জুলুম ও অত্যাচারের ভয় দেখাবেন, সব কষ্ট পার করে আমরা আজকে এই অবস্থানে পৌঁছেছি। সময় থাকতে যদি সরকার চালাতে চান, জুলাই সনদ মেনে নিন এবং কার্যকর করুন।”

শনিবার (৪ এপ্রিল) বিকেল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের আয়োজনে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদ এবং গণরায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আজ গণভোটকে অস্বীকার করা মানে শুধু ৭০ ভাগ মানুষের রায়কে অস্বীকার করা নয়, এর মধ্য দিয়ে তারা আবার আওয়ামী লীগের কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ ১৬ বছরে এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি। আমাদের হাজার হাজার ভাই জীবন দিয়েছে।”

আওয়ামী লীগের উদাহরণ টেনে তিনি বলেন, “একটি দল পালিয়ে গিয়ে আরেকটা দেশে আশ্রয় পেয়েছে। জানি না, আপনারা সেই পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন। আপনার জায়গা কোথায় হবে?”

জামায়াতে ইসলামীর এই নায়েবে আমির বলেন, “আমাদের আবার রাজপথে অবস্থান করতে বাধ্য করবেন না। যা সংসদে সমাধানযোগ্য, সেটি সংসদেই সমাধান করুন। যদি সংসদের কথা রাজপথে আনা হয়, তবে জনগণের জন্য কোনো ফলাফল সুখকর হবে না। রাজপথের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি, ইনশাআল্লাহ সফল হবে।”

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, “ভোটের ফলাফলের আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে এই ক্ষমতায় এসেছেন। এটা আপনারাও জানেন, জনগণও জানেন।এজন্য আপনারা জোর করে সংঘাত সৃষ্টি করতে পারেন না, দেশের জনগণের ওপর চাপিয়ে থাকতে পারবেন না।”

সমাবেশে জামায়াতে এই সিনিয়র নেতা বলেন, “শুনতে পাচ্ছি, তেলের দাম বাড়ানো হবে। যদি দাম বাড়ানো হয়, আমরা একটি প্রস্তাব রাখছি। আপনারা যেভাবে কার্ড বিতরণ করেন ফ্যামিলি কার্ড, অমুক কার্ড তেমনভাবে সবাইকে জ্বালানি কার্ড দিলে আমরা দাম বৃদ্ধির আপত্তি করব না।”