দিনাজপুরে তাপমাত্রা কিছুটা কমলেও গরমের তীব্রতা কমেনি। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এর আগের দিন শুক্রবার (৩ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে একদিনের ব্যবধানে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে তাপমাত্রা কমলেও গরমের অনুভূতিতে খুব বেশি পরিবর্তন আসেনি। ফলে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে।
জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম এখনো অনুভূত হচ্ছে। তবে চলতি এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতে রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, সম্ভাব্য এ বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং গরমের তীব্রতাও হ্রাস পেতে পারে।