খেলাধুলা

মিরাজ ও লিটনের অধিনায়কত্ব বাড়ল বিশ্বকাপ পর্যন্ত 

মেহেদি হাসান মিরাজকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং লিটন কুমার দাসকে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । এর আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে অধিনায়ক করা হয়েছিল।  

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি সরকারের সিদ্ধান্তে। বিশ্বকাপের পর বাংলাদেশ টি-টোয়েন্টি খেলতে নামেনি। সামনে বাংলাদেশের হোম সিরিজ নিউ জিল্যান্ডের বিপক্ষে। তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। মিরাজের যদিও অধিনায়কত্ব ছিল জুন পর্যন্ত। তবুও দীর্ঘমেয়াদী চিন্তায় দুই ফরম্যাটে অধিনায়ক নির্বাচন জরুরি ছিল। বোর্ড নিজেদের চতুর্থ বোর্ড সভাতে দুজনের অধিনায়কত্ব বাড়িয়েছে। 

বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘‘আমাদের টি-টোয়েন্টি অধিনায়কের মেয়াদ শেষ হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথে সাথে। টি-টোয়েন্টি অধিনায়ক ও সহ-অধিনায়ক (সাইফ হাসান) যারা ছিলেন, তারাই চালিয়ে যাবেন পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত, যেটা ২০২৮ সালে হবে। পাশাপাশি আমাদের ওয়ানডে অধিনায়কের মেয়াদ শেষ হওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে। আমরা মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ যেন অধিনায়করা নিরবচ্ছিন্নভাবে তাদের কাজ করতে পারে এবং দীর্ঘমেয়াদে একটা ভিশন নিয়ে কাজ করতে পারে।’’

মিরাজকে নিয়ে নাজমুল আবেদীন যোগ করেন, ‘‘মিরাজ যেহেতু বছরখানেকের মতো হয়ে গেছে, তার একটা ভিশন আছে এবং বিশ্বকাপ যেহেতু এখনও অনেক সময় বাকি আছে, আমরা ভেবেছি যে, ওকে যদি একটু সময় দেওয়া যায়, ও সুন্দর করে গোছাতে পারবে দলকে। আমার ধারণা মিরাজ ভালো করছে এবং আমাদের দলও ভালো পারফর্ম করেছে। এসবের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। অধিনায়কের একটা লম্বা সময় দেওয়া এবং অধিনায়করা নিশ্চিতভাবে যেন দল গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, এই হলো মূলত বিষয়টা।’’