সারা বাংলা

বগুড়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার শিবগঞ্জে শাহানাজ বেগম (৭০) নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত‌্যা ক‌রা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের নন্দীপুর এলাকায় নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়।

নিহত শাহানাজ বেগম ওই এলাকার মৃত আবুল খালেকের স্ত্রী। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞত দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি শাহীনুজ্জামান) বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। লাশ শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে র‌য়ে‌ছে। এ ঘটনায় মামলার প্রস্তু‌তি চল‌ছে।