ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
কমিটি আগুন লাগার প্রকৃত কারণ (বৈদ্যুতিক শর্ট সার্কিট, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বা অন্য কোনো উৎস) খুঁজে বের করবে। কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না এবং থাকলে তা কার্যকর ছিল কি না, তা খতিয়ে দেখবে। অগ্নিকাণ্ডের পেছনে মালিকপক্ষ বা অন্য কারো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক গাফিলতি ছিল কি না, তাও চিহ্নিত করবে।কারখানাটি যথাযথ নিয়ম ও লাইসেন্স মেনে পরিচালিত হচ্ছিল কি না, তা তদন্ত করবে।
এছাড়া অগ্নিকাণ্ডে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এবং হতাহতের সংখ্যা কত, তার একটি চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কারখানা মালিক ও প্রশাসনের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা ও নির্দেশিকা প্রণয়ন করবে।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির আগামী ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, শনিবার (৪ এপ্রিল) দুপুরে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।