বৈসাবি উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
সভায় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা কর্মকর্তা, সাংবাদিক এবং বৈসাবি উদযাপন কমিটির নেতারা। সভায় বৈসাবি উৎসবের বিস্তারিত অনুষ্ঠানসূচি উপস্থাপন করেন সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন।
বক্তারা বলেন, পাহাড়ের ঐতিহ্যবাহী এ উৎসব যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি উৎসবকে সফল করতে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।