লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজসহ অন্তত ১০ জন আহত হন।
আজ রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে ১৪৪ ধারা জারি ছিল।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একই সময় ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্রদের নৈরাজ্যের প্রতিবাদে ‘জুলাই ফাইটার্স’ ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে।
পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, শনিবার রাতে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় চকবাজার মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেয়। ছাত্রদলের নেতাকর্মীরা জুলাই ফাইটার্সের ব্যানারে একই সময় ওই স্থানে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে পৌর শহরে উপজেলা প্রশাসন বিকাল সাড়ে ৪টা থেকে ১৪৪ ধারা জারি করে।
হাতাহাতির ঘটনায় ওসি ওয়াহিদ পারভেজ ছাড়া অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে এ প্রসঙ্গে কিছু জানায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘‘প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করে দু’পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি। এ ঘটনায় সদর থানার ওসিসহ পুলিশের ৫ জন এবং আরও কয়েকজন আহত হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।’’
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।