চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের দুদিন পর শরিফা নামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের দুলাভাই অন্তরকে আটক করেছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার মকরামপুর-নাদেরাবাদ এলাকার ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়।
নিহত শরিফা গোমস্তাপুর উপজেলার মকরমপুর-আলিনগর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। আটক অন্তর একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহীমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেলে নিজ এলাকা থেকে নিখোঁজ হয় শিশু শরিফা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শনিবার শিশুটির নানা আব্দুল করিম গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তদন্তে নেমে পুলিশ শিশুটির দুলাভাই অন্তরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে অন্তর শরিফাকে হত্যার কথা স্বীকার এবং মরদেহের অবস্থান নিশ্চিত করেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, জিডির সূত্র ধরে সন্দেহভাজন হিসেবে নিহতের দুলাভাইকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “ধানক্ষেত থেকে পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”