কুষ্টিয়া সদর উপজেলায় ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মুনসের আলী নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) তাকে গেপ্তার করা হয়। একই দিন রাতে কুষ্টিয়া সদর থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। গত ৩১ মার্চ সকাল ৯টার দিকে শিশুটি ধর্ষণের শিকার হয়।
স্থানীয়রা জানান, মুনসের আলী খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরদিন বুধবার সকালে শিশুটির শারীরিক অসুস্থতা দেখা দিলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। শিশুটিকে জিজ্ঞাসা করলে তারা ঘটনা সম্পর্কে জানতে পারেন। পরে অভিযুক্তকে প্রশ্ন করা হলে প্রথমে তিনি অস্বীকার করেন। এলাকাবাসীর চাপের মুখে তিনি বিষয়টি স্বীকার করেন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণধোলাই দেয়।
ভুক্তভোগী শিশুর বাবা রবিবার রাতে কুষ্টিয়া সদর থানায় মুনসের আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলা নং-০৫। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হোসেন ইমাম জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শিশুটিকে হাসপাতালে আনা হয়। রবিবার তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “শিশুর গুরুতর কোনো সমস্যা নেই। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠবে।”
ডা. হোসেন ইমাম আরো বলেন, “এ ধরনের ঘটনা রোধে পরিবারের সচেতনতার পাশাপাশি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা অত্যন্ত জরুরি।”
কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মামলার তদন্ত এগিয়ে চলেছে।”