সারা বাংলা

ফেসবুক পেজ ফিরে পেলেন তাজু

‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজু তার ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ ফিরে পেয়েছেন। গায়েব হওয়ার একদিন পর তিনি তার পেজ ‘তাজু ভাই ২.০’ ফিরে পান। এই পেজটিতে তার ফলোয়ার এক মিলিয়ন।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজটি আবারো দেখা যাচ্ছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবিরুল ইসলাম।

আরো পড়ুন: হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ

তাজু একই ইউনিয়নের সরকার পাড়া চর গ্রামের বাসিন্দা। সিরাজ-তাহেরা দম্পতির তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে বড় তিনি। পেশায় রাজমিস্ত্রির সহকারী। ঢাকার বিভিন্ন এলাকায় কাজ করতেন এই যুবক। 

মাত্র ১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আকস্মিকভাবে ভাইরাল হন তাজু। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরুতে ট্রল হলেও পরে তা প্রশংসায় রূপ নেয়।

প্রত্যন্ত চরাঞ্চলের একজন দিনমজুর হয়েও স্থানীয় মানুষের সমস্যা তুলে ধরে তৈরি করা তার একাধিক ভিডিও সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যে তাজুর পেজের ফলোয়ার সংখ্যা এক মিলিয়নের ঘর ছাড়িয়ে যায়। হঠাৎ করে রবিবার পেজটি অদৃশ্য হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। অনেকে এ ঘটনার জন্য অতিরিক্ত ট্রল ও অতি উৎসাহী কনটেন্ট নির্মাতাদের দায়ী করছেন। 

আরো পড়ুন: নিজের কষ্ট ভুলতে ভিডিও বানিয়ে ভাইরাল তাজুল ইসলাম

স্থানীয়রা জানান, রবিবার পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, পেটি হ্যাক হয়েছে অথবা কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে। একদিনের ব্যবধানে আজ সোমবার সকালে পেটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।

তাইজুল ইসলাম তাজু বলেন, “আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, “সকাল থেকে তার (তাজু ২.০) ফেসবুক পেজটি দেখা যাচ্ছে। সে সকালে ওই পেজে লাইভও করছে।  পেজটি ফিরে আসায় এলাকার মানুষ অনেক খুশি।”