বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রস্তাব ফেরান বিপাশা

একসময় টেলিভিশন পর্দায় নিয়মিত উপস্থিতি ছিল অভিনেত্রী বিপাশা হায়াতের। এখন খুব বেশি দেখা না গেলেও অভিনয়ের প্রতি তার টান অটুট। তবে কাজ বাছাইয়ে বরাবরই সচেতন—আর সেই কারণেই আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিপাশা বলেন, “নির্মাতা তানিম নূর সিনেমাটির একটি চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু চরিত্রটি আমার প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মেলেনি।” 

বিপাশা এমন কাজ করতে চান যেখানে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ার সুযোগ থাকবে—শারীরিক ও মানসিক, দু’দিক থেকেই চ্যালেঞ্জিং কিছু। তার মতে, “বনলতা এক্সপ্রেস’-এ সেই জায়গাটি খুঁজে পাইনি বলেই প্রস্তাবটি গ্রহণ করিনি।” 

বিপাশা এখনো সেই বিশেষ কাজের অপেক্ষায় আছেন, যেখানে অভিনয়ের গভীরতায় নিজেকে সম্পূর্ণভাবে নিংড়ে দিতে পারবেন বলেও জানান তিনি। 

এদিকে, তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ দেশে মুক্তির পর দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও যাত্রা শুরু করেছে। গত ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।