রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিশ্ববিদ্যালয় আরেক শিক্ষার্থী মো. সাকিব আল হাসান। তিনি বেসরকারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাকিব আল হাসানের বাড়ি বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামে। পড়াশোনার কারণে তিনি ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় বসবাস করতেন।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. ফজলুল হক বলেন, “সাকিব আমার খুব প্রিয় শিক্ষার্থী ছিল। তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না।” তিনি জানান, ইতোমধ্যে সাকিবের পরিবারের সঙ্গে কথা হয়েছে।
সাকিবের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, “আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দেন। আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মসজিদে তার জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে।”
এদিকে, সাকিবের অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।