সংগঠনবিরোধী কার্যকলাপ, শৃঙ্খলা ভঙ্গ এবং প্রভাব খাটিয়ে ফুডকোর্ট পরিচালনার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদ থেকে মো. নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. নজরুল ইসলামের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপ, সংগঠনের নাম ও প্রভাব ব্যবহার করে ফুডকোর্ট পরিচালনা এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে জবি প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির (২০২৫-২৬) সদস্যদের মতামত এবং উপদেষ্টামণ্ডলীর চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে তাকে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো স্পষ্ট করে জানানো হয় যে, এখন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাথে মো. নজরুল ইসলামের কোনো ধরনের সম্পর্ক নেই। সংগঠনের বৃহত্তর স্বার্থে তার এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে।