সারা বাংলা

নোয়াখালীতে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগ

নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. খোকন (৩০) নামে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রীর পোল সংলগ্ন ঝোঁপ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত খোকন একই গ্রামের হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন খোকন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরিও করা হয়। 

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা খোকনকে অন্যত্র নিয়ে পিটিয়ে হত্যার করে এরং তার মরদেহে আগুনে পুড়িয়ে দেয়। পরে মরদেহটি দৌলতপুর গ্রামের মন্ত্রীর পোল সংলগ্ন ঝোপের মধ্যে ফেলে যায়। রবিবার রাতে স্থানীয়রা ঝোঁপের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ জানান, লাশটি পোড়ানো মনে হচ্ছে। ফরেনসিক রিপোর্ট না পেলে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের পরিবার অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।