মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম। বন্ধ থাকা শ্রেণিকক্ষগুলো খুলেছে, হলের তালাবদ্ধ কক্ষগুলোও আবার প্রাণ ফিরে পাচ্ছে। রূপালি রঙের পরিচিত বাসগুলো চলাচল শুরু করেছে, আর শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস ফিরছে চেনা ছন্দে।
রবিবার (৬ এপ্রিল) সকালে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ক্লাস শুরু হওয়ায় গত রাত থেকেই শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছেন। সকাল পর্যন্ত সেই প্রবাহ অব্যাহত ছিল। শহীদ হাদী চত্বর ও নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।
দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে অনুভূতির কথা জানাতে বাংলা বিভাগের শিক্ষার্থী এহসানুল হক রকি বলেন, “ক্যাম্পাসটাই এখন বেশি আপন লাগে। রোজার মাসে প্রায় পুরোটা সময় ছুটি ছিল। আজ ক্লাস থাকায় গতকালই হলে চলে এসেছি। ফিরে ভালো লাগছে। তবে, ক্যান্টিনের সেই জঘন্য খাবার খেতে হবে ভেবে একটু খারাপও লাগছে।”
এদিকে, সকালে গোপালগঞ্জে পৌঁছান ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী হৃদয় হালদার। তিনি বলেন, “ক্লাস শুরু হওয়ায় ফিরতেই হলো। না হলে মায়ের রান্না আর পরিবার ছেড়ে আসতে কে চায়। তবে, আবার ভালোও লাগছে, বন্ধুদের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে, ক্লাস শুরু হবে। সব মিলিয়ে মিশ্র অনুভূতি কাজ করছে।”
প্রসঙ্গত, মাহে রমজান, জুমু'আতুল বিদা, শব-ই কদর, পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবসসহ বিভিন্ন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩৮ দিনের ছুটি ঘোষণা করেছিল। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত এ ছুটি কার্যকর ছিল।