পাকিস্তান সুপার লিগের চলমান আসরে বড় ধাক্কা খেল কয়েকটি দল। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড হঠাৎ করেই তাদের খেলোয়াড়দের দেশে ফিরিয়ে নেওয়ায় দলগুলোর পরিকল্পনায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। একই সঙ্গে চোটের কারণে ছিটকে গেছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ।
সূত্র অনুযায়ী, করাচি কিংসের হয়ে খেলা খুজাইমা বিন তানভীর ও মোহাম্মদ ওয়াসিমকে জরুরি ভিত্তিতে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের নির্দেশে তারা ইতোমধ্যেই দল ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন।
জানা গেছে, তাদের সংযুক্ত আরব আমিরাতের ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিতে বলা হয়েছে। তবে আশা করা হচ্ছে, ২টি ম্যাচ খেলার পর তারা আবারও করাচি কিংসের দলে যোগ দিতে পারবেন।
এদিকে করাচি কিংসের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ, ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিপক্ষে। তার আগে দুই খেলোয়াড়ের অনুপস্থিতি দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
অন্যদিকে, আরও বড় ধাক্কা এসেছে রাওয়ালপিন্ডি পিন্ডিজ শিবিরে। দলের অন্যতম ভরসার পেসার নাসিম শাহ চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, করাচি কিংসের বিপক্ষে ম্যাচে সাইড ইনজুরিতে আক্রান্ত হন নাসিম। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে বিশ্রামে রাখা হয়েছে।
দলের চিকিৎসকরা তার পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। আশা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টের শেষ দিকে তিনি মাঠে ফিরতে পারেন।
দলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই কঠিন সময়ে তারা নাসিম শাহের পাশে রয়েছে এবং তার দ্রুত সুস্থতা কামনা করছে।