প্রধানমন্ত্রীর মুখপাত্র ও রাজনৈতিক উপদেষ্টা মাহাদী আমিন বলেছেন, “জনশক্তি রপ্তানিতে বাংলাদেশকে বিশ্বের রোল মডেলে পরিণত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।”
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মাহাদী আমিন জানান, “সৌদি আরবের সঙ্গে সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ, আধা-দক্ষ ও অদক্ষ কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোর মধ্যে যৌথ সহযোগিতা বাড়ানো এবং আরবি ভাষা শিক্ষায় সৌদি কারিগরি অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ক্ষেত্রেই কর্মসংস্থান বাড়ানোই সরকারের মূল লক্ষ্য। এ জন্য দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে তৃতীয় ভাষা শেখার ওপর জোর দিয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষিত রাখা হবে। সরকার আশা করছে, শ্রমিক ও মালিকের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যাবে।”