নড়াইলের সদর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় তছিরন নেছা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের আউড়িয়া ইউনিয়নের টোলঘর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, “ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।”
নিহত তছিরন নেছা তার জামাই বাড়ি সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে যাচ্ছিলেন। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের মজিদ শেখের স্ত্রী।
পুলিশ জানায়, নড়াইল আউড়িয়া টোল ঘরের সামনে খুলনা থেকে আসা একটি যাত্রীবাহী বাস থেকে নামেন তছিরন নেছা। রাস্তা পার হওয়ার সময় বেনাপোলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী তছরিন নেছাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে ময়না খানম বলেন, “আমার ছোট মেয়ের সিজার অপারেশন হবে এ জন্য আমি মা’কে আসতে বলি। মা খুলনার ডুমুরিয়ায় থেকে আমাদের বাড়ি গোপালপুর আসছিলেন।”