সারা বাংলা

মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৮ শিশু ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৮০ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ২৭৬ শিশু চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৯ শিশু। মৃত্যু হয়েছে ৭ শিশুর।”

তিনি জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।