বকেয়া বেতনের দাবিতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় তৈরি পোশাক শ্রমিকরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে কুমিল্লা ইপিজেডে অবস্থিত নাসা গ্রুপের শ্রমিকরা মহাসড়কে অবরোধ করেন। বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন।
নাসা গ্রুপের শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে নিয়মিত বেতন পরিশোধ করা হচ্ছে না তাদের। বারবার আশ্বাস দিলেও মালিকপক্ষ তা বাস্তবায়ন করেনি। ফলে বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে সৃষ্ট যানজট
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলমান ছিল এবং শ্রমিকরা দ্রুত বকেয়া পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস না পেলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।