অর্থনীতি

২ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুটি হলো- যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানি দুইটির মধ্যে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। আর ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরশেন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।

যমুনা অয়েল: ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। 

কোম্পানিটির ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ফারইস্ট নিটিং: ক্রেডিট রেটিং ইনফরশেন অ্যান্ড সার্ভিসেস পিএলসির রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

কোম্পানিটির ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ক্রেডিট রেটিং হলো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের ঋণ পরিশোধের সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়নের একটি পদ্ধতি, যা বিশেষ এজেন্সি দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। এটি মূলত ‘এএএ’ (সর্বোচ্চ নিরাপত্তা) থেকে ‘ডি’ (খেলাপী) পর্যন্ত স্কেলে রেটিং করা হয়। ভালো রেটিংয়ের মাধ্যমে সহজে ও কম সুদে ঋণ পাওয়া যায়, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়।