আন্তর্জাতিক

‘ইরানের জন্য উৎসর্গ হতে তৈরি আমরা’, ট্রাম্পকে কড়া জবাব পেজেশকিয়ানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণের হুমকির মুখে ইরান বর্তমানে কঠোর অবস্থান নিয়েছে। ট্রাম্পের দেওয়া সময়সীমার প্রতিক্রিয়ায় ইরানের বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, তারা যেকোনো আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে প্রস্তুত। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এক বার্তায় জানান যে, নিজেরসহ কোটি কোটি ইরানি তাদের জীবন দিতে প্রস্তুত। খবর নিউজ এক্সের।

মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট বলেন, “এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখেরও বেশি সাহসী ইরানি দেশরক্ষায় তাদের জীবন উৎসর্গ করার প্রস্তুতি ঘোষণা করেছেন।”

পোস্টে তিনি আরও বলেন, “আমিও ইরানের জন্য একজন উৎসর্গকারী ছিলাম, আছি এবং থাকব।”

এর আগে ইরানের উপ-ক্রীড়ামন্ত্রী আলিরেজা রহিমি দেশের অ্যাথলেট এবং শিল্পীদের বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে ‘মানবপ্রাচীর’ তৈরি করার আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টায় তিনি এক ভিডিও বার্তায় তরুণ, ক্রীড়াবিদ, শিল্পী ও শিক্ষার্থীদের বিদ্যুৎকেন্দ্রগুলোর কাছে সমবেত হওয়ার আমন্ত্রণ জানান। রহিমি বলেন, “এগুলো আমাদের সম্পদ এবং আমাদের অধিকার।”

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ট্রাম্প বুধবার পর্যন্ত যে সময় বেঁধে দিয়েছেন তার প্রতিক্রিয়ায় এই মানবপ্রাচীরের ডাক দেওয়া হয়েছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, এই সময়সীমার মধ্যে তেহরান কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সেতুর ওপর একযোগে ব্যাপক বোমাবর্ষণ করা হবে।

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন।