দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসিতে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।
আগামী তিন বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) ডিএসইর ১১১২তম পরিচালনা পর্ষদ সভায় তিনি যোগদান করেন।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৩০ মার্চ ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসাবে তার নিয়োগ অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি নেতৃত্ব, পেশাদারিত্ব ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমান দায়িত্বে যোগদানের পূর্বে তিনি ২০২২, ২০২৩-২০২৪ এবং ২০২৬ সালে ৩টি পদাতিক ব্রিগেডে কমান্ডার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি পদাতিক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন। স্টাফ পর্যায়ে তার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ। তিনি একটি পদাতিক ব্রিগেডে জেনারেল স্টাফ অফিসার (অপারেশনস)-৩ এবং ব্রিগেড মেজর (চিফ অপারেশন অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে পরিচালক (পরিকল্পনা), একটি পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ (চিফ অপারেশন অফিসার) এবং রাষ্ট্রপতির সচিবালয়ে রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব (এএমএসপি) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
প্রশিক্ষণ ও একাডেমিক ক্ষেত্রেও তিনি সমানভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিরপুরে ডিরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইন্সট্রাক্টর (ক্লাস ‘এ’) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে আইভরি কোস্টে বানবাট-৪ এ কোম্পানি সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে একবার এবং সিরিয়ার ইউএনএসএমআইএস ও আইভরি কোস্টের ইউএনওসিআই মিশনে মিলিটারি অবজারভার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি ডিএসসিএসসি, মিরপুর থেকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স, চীনের নানজিং আর্মি কমান্ড কলেজ থেকে আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল ওয়ার কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন।