জাতীয় ক্রীড়া পরিষদ তিন মাসের জন্য তামিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রধানতম দায়িত্ব স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন আয়োজন করা।
মঙ্গলবার বিকেলে দায়িত্ব পেয়ে রাতেই একটি বৈঠক করেছেন তামিম ইকবালরা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নতুন সভাপতি তামিম সুন্দর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। সঙ্গে নিজেও নির্বাচন করবেন সেই ঘোষণাও দিয়েছেন। এছাড়া আগ্রহী সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বানও করেছেন তিনি।
তামিমের ভাষ্য, ‘‘অবশ্যই নির্বাচন করব। আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে পারেন। আমার ইচ্ছা আছে। আবার উনাদের ইচ্ছা থাকতে পারে উনারাও করতে পারেন। আবার নাও থাকতে পারেন। যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে শুধু আমরা না, যারা যারা আগ্রহী আমি সবাইকে অনুরোধ করবো সবাই যেন অংশগ্রহণ করেন।”
“একটা বোর্ডের নির্বাচন হবে। যারা যারা আছেন বোর্ডের ক্রিকেটার্স, সংগঠক প্রত্যেকে। প্রত্যেকের অংশগ্রহণ করা উচিত। আমরা সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেব যেন সবাই এসে নির্বাচন করতে পারবে।”
২০২৫ সালের বিসিবি নির্বাচনে ওল্ড ডিওএইচএস-এর কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র তুলেও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছিলেন তামিম। সেই ঘটনার ছয় মাস না হতেই ভিন্ন পরিচয়ে এবং শীর্ষ পদে থেকেই বোর্ডে ফিরলেন সাবেক দেশসেরা এই ওপেনার।
তামিমের নির্বাচনে অংশ নেওয়ার আইনগত কোনো বাধা নেই। নির্বাচনের তফসিল ঘোষণার আগে কেবল তার এই পদ থেকে পদত্যাগ করতে হবে।
তবে নির্বাচনের আগে তামিম ক্রিকেটের মর্যাদা ফিরিয়ে আনার কাজ করার কথা বলেছেন, ‘‘আমরা অনুভব করছি সবাই মিলে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের মর্যাদা ও সুনাম ঠিক করা। শেষ এক দেড় বছরে যে মর্যাদা ক্ষুন্ন হয়েছে বাংলাদেশ ক্রিকেটের এটা ঠিক করা হবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’’