সারা বাংলা

পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জেল-জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুর পচা মাংস বিক্রির দায়ে বিজয় গোস্ত বিতাণের মালিক মো. বিজয়কে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ১১৫ কেজি পচা মাংস মাটিচাপা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাংসের দোকানে অভিযান চালান। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেছেন, “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে এক মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত পচা মাংস ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে মাটিচাপা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।”