সারা বাংলা

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়ায় একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে।

ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে নিয়মিত তেল সরবরাহ করা হলেও সন্ধ্যার দিকে তেল শেষ হয়ে যায়। তখনো লাইনে কিছু মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। তেল শেষ হয়ে গেছে বলায মোটরসাইকেল চালকরা অতর্কিতে ফিলিং স্টেশনে হামলা চালায়।  

তিনি আরো জানান, তারা ফিলিং স্টেশনের অফিস কক্ষ ভাঙচুর ও লুটপাট করেন। 

চরজব্বার থানার অফিসার ইনচার্চ (ওসি) লুৎফর রহমান বলেন, “খবর পেয়েই ফিলিং স্টেশনে পুলিশ পাঠানো হয়। দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”