সারা বাংলা

বিএনপি নেতার পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি ‘গায়েব’

ময়মনসিংহের গৌরীপুরে এক বিএনপি নেতার মালিকানাধীন ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার তেল ‘গায়ের’ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় ডৌহাখলা ইউনিয়নের ‘মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন’-এ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনি।

ফিলিং স্টেশনটি গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হকের মালিকানাধীন বলে জানা গেছে।

প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় মনিটরিংয়ের অংশ হিসেবে পাম্পটি পরিদর্শন করা হয়। ভৈরব বাজার ডিপো থেকে প্রাপ্ত চালান ও নথি যাচাই করে দেখা যায়, চলতি মাসের ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট ৫৮ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল এই পাম্পে আনা হয়েছিল।

পাম্পে মজুত ও বিক্রির হিসাব চাইলে স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত ৯ হাজার লিটার জ্বালানি পাওয়ার দাবি করেন। বাকি ৪৯ হাজার ৫০০ লিটার জ্বালানি কোথায় আছে, তা জানাতে পারেননি তিনি। মাত্র ছয় দিনে প্রায় ৫০ হাজার লিটার তেল গায়েব হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেছেন। মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/২৫ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে জানতে পাম্পটির মালিক হাফেজ আজিজুল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জ্বালানি তেল মজুত ও কালোবাজারির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।”