পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি আরামিট পিএলসিতে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির সম্পত্তি ও সম্পদের যথাযথ নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান এবং সুরক্ষা নিশ্চিত করতে আদালতের আদেশ অনুসারে রিসিভার নিয়োগ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ডিএসই জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের একটি আদেশ অনুসারে আরামিটে একজন রিসিভার নিয়োগ করা হয়েছে।
কোম্পানির সম্পত্তি ও সম্পদের যথাযথ নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান এবং সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এই রিসিভার নিয়োগ করা হয়েছে। নিযুক্ত রিসিভার ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন এবং উক্ত আদালতের আদেশে নির্ধারিত নির্দেশনা ও শর্তাবলী অনুসারে কর্তব্য পালন করছেন।
আরামিট পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৪ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা। সেই হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬০ লাখ। এর মধ্যে সর্বশেষ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬০.৭৩ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩.৪৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৫.৭৯ শতাংশ শেয়ার রয়েছে।