সারা বাংলা

নড়াইলে মাদকসহ দম্পতি গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে ২১০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হারুন মোল্যা (৪২) ও তার স্ত্রী আদুরী খানম (৩০)।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কচুবাড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় হারুন মোল্যার বাড়ি থেকে ২১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১৩ হাজার টাকা উদ্ধার হয়। এ ঘটনায় হারুন মোল্যা ও তার স্ত্রী আদুরী খানম গ্রেপ্তার হন। রাতে তাদের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মঙ্গলবার রাতেই মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।